শনিবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিশ্ব জ্বালানি খাতের বিশ্লেষকরা এ তথ্য জানিয়েছেন।
তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের সিনিয়র ম্যানেজার ইমানুয়েল বেলোস্ট্রিনো বলেন, "বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে চীনের জলসীমা পর্যন্ত বিভিন্ন জাহাজে প্রায় ১৭ কোটি (১৭০ মিলিয়ন) ব্যারেল ইরানি তেল মজুদ রয়েছে।"
.png)
অন্যদিকে, পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি এসপেক্ট গত ১৯ মার্চের এক মূল্যায়নে জানায়, সমুদ্রে ভাসমান ইরানি তেলের পরিমাণ ১৩০ থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উৎপাদন ঘাটতির তুলনায় ১৪ দিনেরও কম সরবরাহের সমান।
এশিয়া অপরিশোধিত তেলের চাহিদার ৬০ শতাংশের জন্যই নির্ভরশীল মধ্যপ্রাচ্যের ওপর। সম্প্রতি হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের শোধনাগারগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। এর প্রভাব পড়েছে জ্বালানি রপ্তানিতেও। বিশ্লেষকরা বলছেন, এই প্রণালির যেকোনো অস্থিরতা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
তেল কিনতে আগ্রহী যেসব দেশ
২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর থেকে চীন ছিল ইরানি তেলের প্রধান ক্রেতা। গত বছর চীনের স্বাধীন শোধনাগারগুলো প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৮ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। কেপলারের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ এড়িয়ে চললেও চীন এই সুযোগে আমদানি বাড়িয়েছে।
চীন ছাড়াও আগে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ক ছিল ইরানি তেলের প্রধান আমদানিকারক। এদিকে, অন্যান্য বড় এশীয় আমদানিকারকদের তুলনায় ভারতের তেলের মজুদ কম থাকায় দেশটি ইরানি তেল কেনার পদক্ষেপ নিচ্ছে। ভারতের শোধনাগারের তিনটি সূত্র জানিয়েছে, তারা ইরানি তেল কিনতে আগ্রহী। তবে এ বিষয়ে সরকারের নির্দেশনা ও যুক্তরাষ্ট্রের পেমেন্ট সংক্রান্ত শর্তাবলির স্বচ্ছতার অপেক্ষায় রয়েছে তারা।
আমদানিতে জটিলতা কোথায়?
তবে ইরানি তেল কেনার ক্ষেত্রে কিছু জটিলতাও রয়েছে বলে জানিয়েছেন তেল ব্যবসায়ীরা। কীভাবে অর্থ প্রদান করা হবে, সে বিষয়ে অনিশ্চয়তা অন্যতম বড় বাধা। এ ছাড়া সমুদ্রে থাকা তেলের একটি বড় অংশ পুরোনো ‘শ্যাডো ফ্লিট’ জাহাজে বহন করা হচ্ছে, যা জটিলতা বাড়াচ্ছে।
পূর্ববর্তী কিছু ক্রেতা ইরানি তেল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ২০১৮ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ইরানি তেলের একটি বড় অংশ তৃতীয় পক্ষের ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে শোধনাগার সূত্রগুলো।
সূত্র: রয়টার্স