শনিবার (২১ মার্চ) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ওপর চলমান হামলার প্রেক্ষাপটে উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক মানবিক-নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ প্রধান।
তিন সপ্তাহের বেশি ধরে চলা এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিশ্ব সংস্থার শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য এলো। গুতেরেস উল্লেখ করেছেন, সংঘাতের বিস্তার রোধ করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ।
.png)
প্রেস টিভির তথ্যানুযায়ী, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারসহ অসংখ্য মানুষ ‘শহীদ’ হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকশ নিরপরাধ নারী ও শিশু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন বাহিনীর এই হামলায় আবাসিক এলাকা, ব্যবসায়িক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্যাবশ্যকীয় অবকাঠামোসহ প্রায় ৭০ হাজারেরও বেশি বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইরানজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করতে শুরু করেছে তেহরান। ইরান অঞ্চলের বিভিন্ন স্থানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েলি ও মার্কিন সম্পদগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পাশাপাশি, যেসব আঞ্চলিক দেশ আক্রমণকারীদের সহায়তা করছে বা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে, সেসব দেশের স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে ইরান। তেহরান জানিয়েছে, আন্তর্জাতিক রীতিনীতি মেনেই তারা এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে এবং সার্বভৌমত্বের ওপর এই আঘাত তারা কোনোভাবেই মেনে নেবে না।
ইরান সরকার মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে বলেছে, যেন তাদের ভূখণ্ডকে ইরানের ওপর হামলার ‘লঞ্চ প্যাড’ বা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া না হয়। তেহরানের ধারণা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর নিরপেক্ষ ভূমিকা জরুরি।
জাতিসংঘের এই সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থানকে আন্তর্জাতিক মহলে জোরালো করলেও, যুদ্ধের ময়দানে সংঘাত কমানোর কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য এখন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশ্বনেতারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি