সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দেন তিনি। এই ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। তারা সতর্ক করে বলে, মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
.png)
আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প নতুন সিদ্ধান্ত জানিয়ে বলেন, প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে—পরবর্তী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে না। তবে এই স্থগিতাদেশ চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।
যদিও ট্রাম্প আলোচনায় অগ্রগতির কথা বলছেন, তবুও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। বরং সাম্প্রতিক সময়ে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনায় বসছে না।