ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫ জাহাজ চলাচলের শর্ত ইরানের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪, ১০ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫ জাহাজ চলাচলের শর্ত ইরানের
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাঠানো ১০ দফা প্রস্তাবের মধ্যে এই শর্তটি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস।

পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সরবরাহ হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত। তবে যুদ্ধ শুরুর পর ইরান অবরোধ আরোপ করলে তেলের পাশাপাশি সার ও পেট্রোকেমিক্যাল পণ্যের বৈশ্বিক সরবরাহেও অস্থিরতা দেখা দেয়।

Advertisement

সম্প্রতি ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ে পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তাসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। এসব জাহাজকে ইরানের অনুমোদন নিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এবং তাদের চলাচল তদারকি করবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমতি ও নির্ধারিত প্রোটোকলের ওপর নির্ভরশীল হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!