মার্কিন চাপের মুখে আত্মসমর্পণ নয়: ইরানি প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, দেশটি যুদ্ধ চায় না, বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তাহলে সেই প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরো বলেছেন, বেসামরিক নাগরিক, শিশু এবং স্কুল-হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি অবরোধের মধ্যেও ইরানের একটি বিশাল তেলবাহী সুপার ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে এগিয়ে গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। জাহাজটির প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। তবে জাহাজটি বর্তমানে তেলভর্তি অবস্থায় আছে নাকি খালি ফিরছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের সরাসরি বাধা সত্ত্বেও এই ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা