চুক্তির খুব কাছে ইরান ও যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এমন অনেক কিছুই ইরান এখন করতে রাজি, যেগুলো তারা এতদিন করতে রাজি ছিল না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন।
এদিকে পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান।
জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে হামলা চালিয়েছে তারা।
এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান পরিবহন ব্যবস্থা; অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে।
বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ ২২ এপ্রিল শেষ হবে। এর মধ্যে একটা চুক্তিতে পৌঁছাতে গত শনিবার ইসলামাবাদে সরাসরি শান্তি আলোচনায় বসেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। তবে কোনো সমঝোতা ছাড়াই সে আলোচনা শেষ হয়।
এরপর সোমবার থেকে হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করে মার্কিন বাহিনী। তবে দুই দেশের কর্মকর্তারা ফের আলোচনায় বসতে পারেন, এমন খবরও গণমাধ্যমে আসছে। এরমধ্যে চুক্তির ‘খুব কাছাকাছি’ আসার আভাস দিলেন ট্রাম্প।