যুক্তরাষ্ট্রের নতুন এক ডলারের স্মারক মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। প্রায় এক শতাব্দী পর দেশটির কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের ঘটনা ঘটল।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এই স্মারক মুদ্রা প্রকাশ করেছে মার্কিন টাকশাল। মুদ্রার সামনের অংশে ট্রাম্পের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত বাক্য—‘আমরা ঈশ্বরে বিশ্বাস করি’।
.png)
মার্কিন টাকশালের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতেই বিশেষ নকশার এই মুদ্রা তৈরি করা হয়েছে। এতে দেশটির চেতনা, গর্ব ও ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।
সংগ্রাহকদের জন্য এসব মুদ্রা বিক্রিও করা হচ্ছে। ২৫টি মুদ্রার একটি রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগের মূল্য ১৫৪ ডলার ৫০ সেন্ট।
বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন টাকশালের ওয়েবসাইটে মুদ্রাগুলো ‘বর্তমানে মজুদ নেই’ বলে দেখানো হয়।
মার্কিন টাকশাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক জাতীয় মাইলফলক স্মরণীয় করে রাখতে মুদ্রাটি তৈরি করা হয়েছে। বিশেষ নকশার কারণে ভবিষ্যতে এটি সংগ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত হতে পারে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ছাপার পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে আইনি জটিলতা রয়েছে।
মার্কিন আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহার করে কাগুজে নোট ছাপানো নিষিদ্ধ। এ কারণে ট্রাম্পের ছবি সংবলিত ২৫০ ডলারের নোট চালুর ক্ষেত্রে আলাদা আইনি অনুমোদনের প্রয়োজন হতে পারে।
ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা এ নিষেধাজ্ঞায় তার জন্য ব্যতিক্রম রাখার উদ্দেশ্যে কংগ্রেসে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। তবে প্রস্তাবটি এখনও কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ১৯২৬ সালে দেশটির ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত অর্ধ-ডলারের একটি স্মারক মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ব্যবহার করা হয়েছিল। এরপর আর কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় দেখা যায়নি।
এ হিসেবে প্রায় ১০০ বছর পর আবারও জীবিত একজন মার্কিন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহার করা হলো।
ট্রাম্প প্রশাসন এ ক্ষেত্রে ২০২০ সালে প্রণীত ‘চলমান সংগ্রহযোগ্য মুদ্রা পুনঃনকশা আইন’-এর কথাও উল্লেখ করেছে। ওই আইনে মুদ্রার পেছনের অংশে জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশে জীবিত ব্যক্তির ছবি ব্যবহারের বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই।
নতুন স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি সামনের অংশে ব্যবহার করা হয়েছে। প্রশাসনের দাবি, এ কারণে বিদ্যমান আইনের সঙ্গে মুদ্রাটির নকশার কোনো সাংঘর্ষিকতা নেই।
অন্যদিকে, ১৮৬৬ সালের থেয়ার সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাগুজে নোটে জীবিত ব্যক্তির ছবি ব্যবহার নিষিদ্ধ। তবে প্রচলিত আইনি ব্যাখ্যায় এই বিধিনিষেধ মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে ট্রাম্পের ছবি সংবলিত এক ডলারের স্মারক মুদ্রা প্রকাশে কোনো আইনি বাধা তৈরি হয়নি।