ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে দুর্যোগে মৃতের সংখ্যা ১৩৩১, চলছে উদ্ধার অভিযান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ৬ সেপ্টেম্বর ২০২৬
নেপালে দুর্যোগে মৃতের সংখ্যা ১৩৩১, চলছে উদ্ধার অভিযান
সংগৃহীত ছবি

নেপালে ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য প্রকাশ হলেও সন্ধ্যায় জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) সংশোধিত হিসাব প্রকাশ করে।

ভারতের বার্তা সংস্থা এএনআই নেপাল পুলিশের বরাতে জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার বিজ্ঞপ্তিতে এনডিআরআরএমএ নিহতের সংখ্যা ১ হাজার ৩৩১ জন নিশ্চিত করে।

Advertisement

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এখনো নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে এক চীনা নাগরিককেও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান আরও দ্রুত করতে নেপাল সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ভারতের বিশেষায়িত উদ্ধারকারী দল। চিলিমসহ দুর্গম বিভিন্ন টানেল থেকে পানি, কাদা ও ভারী ধ্বংসাবশেষ সরানোর কাজ যৌথভাবে পরিচালনা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল সরকারের অনুরোধে এখন পর্যন্ত সাতটি বিমানে করে ৯৫ টন ত্রাণসামগ্রী কাঠমান্ডু পাঠানো হয়েছে। পাশাপাশি টানেল ও ফরেনসিক বিশেষজ্ঞসহ ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী দলও সেখানে পাঠানো হয়েছে।

ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানান, দুর্গম ভূখণ্ডের কারণে ভারী উদ্ধার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে সংযোগ সড়ক তৈরি করে উদ্ধারকাজ আরও গতিশীল করার চেষ্টা চলছে।

নিখোঁজদের সন্ধান এবং দুর্গম এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!