ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রিয়াদের বিমানবন্দরের কাছে উড়ছে ধোঁয়া, শহরজুড়ে সতর্কতা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদের বিমানবন্দরের কাছে উড়ছে ধোঁয়া, শহরজুড়ে সতর্কতা
সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর পুরো রিয়াদ শহরজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, শনিবার সকালে বিমানবন্দরের দিক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আকাশে আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

Advertisement

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিস্ফোরণের পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সেখানে সর্বোচ্চ মাত্রার ৫.০ ফ্লাইট বিঘ্ন সূচক রেকর্ড করা হয়। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং অন্য কয়েকটির সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রিয়াদজুড়ে বিমান হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছিল সিভিল ডিফেন্স। স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো বার্তায় সম্ভাব্য ‘শত্রুপক্ষের বিমান হামলা’র আশঙ্কার কথা জানিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সতর্কতা জারির প্রায় আধা ঘণ্টার মধ্যে স্থানীয় বাসিন্দারা দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

ইয়েমেনে নতুন করে তীব্র সংঘাত শুরু হওয়ার পর রিয়াদে সরাসরি এত বড় হামলার ঘটনা এই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতের কারণে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে আশ্রয় নিয়েছে।

এদিকে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা চলতি মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। হরমুজ প্রণালির পরিস্থিতির পর সৌদি আরব তেল রপ্তানির জন্য যে লোহিত সাগরীয় পথ ব্যবহার করছিল, সেখানে হুতিরা নৌ অবরোধের ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে হুতিদের দাবি, সৌদি জাহাজ ছাড়া অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্য ওই নৌপথ উন্মুক্ত রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!