ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই
ইসরায়েলের সঙ্গে সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ করেছে দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে ইসরায়েলগামী একটি উড়োজাহাজে পাইলটকে সহ-পাইলট ছুরিকাঘাত করার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার পর উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।
.png)
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট স্থগিত রাখবে ফ্লাইদুবাই।
এয়ারলাইনটির এক মুখপাত্র বলেন, যাত্রী, কর্মী ও পরিচালন কার্যক্রমের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সময় দিতে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী যাত্রীদের সহায়তা এবং বিকল্প ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইসরায়েলি নাগরিকদের মধ্যে দুবাই-তেল আবিব রুটটি বেশ জনপ্রিয়। এই রুটে প্রতিদিন দুই দিক মিলিয়ে প্রায় ১০টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাইদুবাই।