ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভিন্নমতের প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০, ১ অক্টোবর ২০২৬
ভিন্নমতের প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্যের অভিযোগে আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, গোলাম কিবরিয়া অভিযোগটি অস্বীকার করেছেন। তার বক্তব্য ছিল, দীর্ঘদিন দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা পরিবর্তন এসেছে—এমন মন্তব্যই তিনি শ্রেণিকক্ষে করেছিলেন।

Advertisement

মাহদী আমিন বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, ওই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের পর পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সম্মানের সঙ্গে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়। দৌলতপুর থানার ওসিও শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী মনে করেন মতের ভিন্নতা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয়। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারের প্রতি সম্মান দেখানো উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান, পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানের সংস্কৃতিই সমাজকে আরও শক্তিশালী করে—প্রধানমন্ত্রীর এমন দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!