ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রূপপুরে উচ্চচাপের পরীক্ষা সফল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮, ১ অক্টোবর ২০২৬
রূপপুরে উচ্চচাপের পরীক্ষা সফল
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রেসার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি/পিওএসভি)-এর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে শেষ হওয়া এ পরীক্ষা ইউনিটটির কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

Advertisement

এনপিসিবিএল জানায়, মঙ্গলবার রাতে পরীক্ষাটি শুরু হয়। মেইন কন্ট্রোল রুম (এমসিআর) ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ইসিআর) থেকে পুরো প্রক্রিয়া পরিচালনা করা হয়। এ সময় প্রকৌশলীরা কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করেন। পরে সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের (এমএসভি) কার্যকারিতা ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

পরীক্ষার সময় ভালভের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও নির্ধারিত নিরাপত্তা শর্ত অনুসরণ করেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এনপিসিবিএল।

কর্মকর্তারা জানান, চুল্লির প্রাইমারি সার্কিটে নিরাপদ চাপ বজায় রাখতে পিওআরভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিশনিংয়ের প্রতিটি ধাপে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনপিসিবিএল আরও জানায়, পরবর্তী ধাপে প্রায় ১৮ এমপিএ চাপে পরীক্ষা চালানো হবে। প্রতিটি ধাপের ফলাফল যাচাই করে পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাবে কমিশনিং দল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!