পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ
ফরিদপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক নারী রোগীর পেটের ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগী কনিকা মণ্ডলের মৃত্যু হলে শহরের নিলটুলি মুজিব সড়কের সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর হাসপাতালটির ওটির কার্যক্রম বন্ধ করা হয়। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের ২৯ জুন প্রসবব্যথা শুরু হলে রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডলকে শহরের নিলটুলী মুজিব সড়ক এলাকার সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতালের কনসালটেন্ট ও স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সার্জন লক্ষী রানী দত্ত তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
.png)
পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই কনিকা মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৯ আগস্ট দিবাগত রাত সোয়া ২টার দিকে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের দাবি, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটের ভেতরে সার্জিক্যাল গজ থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট রাতেই কনিকা মণ্ডলের মৃত্যু হয়।
এদিকে, কনিকার স্বামী অশান্ত মণ্ডলের দাবি, চিকিৎসক লক্ষী রানী দত্ত ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছিলেন।
ঘটনাটি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তদন্তের উদ্যোগ নেয়। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য বিভাগের কাছে জমা দেয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কনিকা মণ্ডলের মৃত্যুর পরদিন সকালে তার বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে ওটির কার্যক্রম বন্ধের ঘটনায় হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম ও অস্ত্রোপচার ব্যবস্থাপনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অস্ত্রোপচারের পর রোগীর পেটের ভেতরে গজ কীভাবে রয়ে গেল, অস্ত্রোপচার শেষে প্রয়োজনীয় গণনা ও যাচাই যথাযথভাবে করা হয়েছিল কিনা এবং পরবর্তী সময়ে রোগীর শারীরিক অবনতির কারণ যথাসময়ে শনাক্ত করা হয়েছিল কিনা, এসব বিষয় তদন্তের আওতায় এসেছে।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় সমরিতা হাসপাতালের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেয়। স্বাস্থ্য বিভাগের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকালে সমরিতা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।