ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

ঢাকা উত্তরের ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৮ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২, ১ অক্টোবর ২০২৬
ঢাকা উত্তরের ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৮ নেতা
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

Advertisement

একই দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র। দলের বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এদিকে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

একই সঙ্গে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মহানগর পশ্চিম শাখার সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে সাম্প্রতিক কিছু ঘটনায় দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের প্রসঙ্গ এসেছে। এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!