ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০২২ সালের পর সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের মুখে নেটফ্লিক্স

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ১৫ অক্টোবর ২০২৬
২০২২ সালের পর সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের মুখে নেটফ্লিক্স
ছবি: রয়টার্স

ইউটিউবসহ ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৬ শতাংশ বা ১,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে নেটফ্লিক্সের কো-সিইও গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল ও হিউম্যান-রিসোর্সেস বিভাগেই সবচেয়ে বেশি ছাঁটাই করা হবে। ব্যবসার লক্ষ্য পূরণে জনবল ও সম্পদের সঠিক ব্যবহারে সুশৃঙ্খল হওয়ার জন্যই এই পদক্ষেপ বলে জানান তারা।

বিনামূল্যে কনটেন্ট দেখার সুযোগ থাকায় ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর দিকে দর্শকরা বেশি ঝুঁকে পড়ছেন, যা নেটফ্লিক্সের ব্যবহারকারীদের সময় দেওয়ার হার (এনগেজমেন্ট) কমিয়ে দিচ্ছে। এতে বিজ্ঞাপনী সুবিধা ও দর্শক ধরে রাখার লড়াইয়ে নেটফ্লিক্স পিছিয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে নেটফ্লিক্স এক ধরণের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তবে কোম্পানিটি বর্তমানে বিজ্ঞাপনযুক্ত সেবা, লাইভ স্ট্রিম প্রোগ্রামিং ও গেমিং বিভাগে নতুন করে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বিকল্প আয়ের চেষ্টা করছে।

গত বছরের শেষ হিসাব অনুযায়ী নেটফ্লিক্সে প্রায় ১৬,০০০ কর্মী কর্মরত ছিল। এর আগে ২০২২ সালে গ্রাহক সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় দুই দফায় প্রায় ৪৫০ জন কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

চলতি বছরে তাদের শেয়ারের দর প্রায় ২৫% কমলেও ছাঁটাইয়ের খবরের পর তা ০.৭% বৃদ্ধি পেয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!