ইসরায়েল নির্বাচনে বাড়ল রাজনৈতিক অনিশ্চয়তা
ইসরায়েলের জাতীয় সংসদ নেসেট নির্বাচনের ভোট গণনা এগিয়ে চললেও দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। প্রাথমিক ফলাফলে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ব্যালট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৪২ শতাংশ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৭টি আসন পেয়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট পেয়েছে ৪৭টি আসন। এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৬টি আসন। এর আগে প্রকাশিত বুথফেরত জরিপেও কোনো পক্ষের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আভাস পাওয়া যায়নি।
১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে উভয় শিবিরকেই অন্য দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করতে হবে।
স্পষ্ট বিজয় না এলেও দুই পক্ষই জনগণের সমর্থন পাওয়ার দাবি করেছে। নেতানিয়াহু একটি শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, আইজেনকোট দাবি করেছেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তিনি বিভিন্ন পক্ষকে সঙ্গে নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন।
নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যা বাড়ায় তাদের মধ্যেও উৎসাহ দেখা গেছে।
সব ভোটের আনুষ্ঠানিক গণনা শেষ হলে ইসরায়েলের প্রেসিডেন্ট এমন একজন নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যিনি নেসেটে আস্থা ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে পারবেন বলে তিনি মনে করেন। তবে দুই শিবিরের রাজনৈতিক অবস্থান ও অনমনীয় মনোভাবের কারণে সরকার গঠন নিয়ে দীর্ঘ আলোচনা ও জটিলতা তৈরি হতে পারে।