সব ঠিকঠাক থাকলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে: এলিনা শাম্মী
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে হারায় নেদারল্যান্ডকে। অন্য সব আর্জেন্টাইন ভক্তের মতো ম্যাচের শুরু থেকে শেষ অব্দি দেখেছেন চলতি সময়ের ব্যস্ত অভিনেত্রী এলিনা শাম্মী। ডেইলি বাংলাদেশ-এর সঙ্গে খেলা নিয়ে আড্ডায় মেতেছিলেন এই অভিনেত্রী। একান্ত আড্ডায় জানিয়েছেন আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ তারেক।
ডেইলি বাংলাদেশ: আর্জেন্টিনা তো সেমিতে উঠে গেল; কেমন লাগছে?
এলিনা শাম্মী: খুবই ভালো লাগছে। খেলার পুরোটা সময় টেনশানে ছিলাম। খেলার টানটান উত্তেজনায় মনে হচ্ছিলো হার্ট অ্যাটাক করবো। অ্যাম্বুলেন্স ডাকতে হবে। মেসির গোল এবং মার্টিনেজের সেভ টেনশান দূর করেছে।
ডেইলি বাংলাদেশ: নেদারল্যান্ডের সাথে আর্জেন্টিনার ম্যাচ কেমন দেখলেন?
এলিনা শাম্মী: আর্জেন্টিনা ভালো খেলেছে। নেদারল্যান্ড গায়ের জোরে খেলেছে। রেফারিও সম্ভবত তাদের পক্ষে ছিল। বাজে রেফারিং হয়েছে। কথায় কথায় কার্ড বের করেছে। মেসিকে পর্যন্ত কার্ড দেখিয়েছে। এসব কারণে আর্জেন্টিনা খেলার একটা সময় গা ছেড়ে দেয়। দুটো গোল দেয়ার পরে আরও সতর্ক হওয়া দরকার ছিল আর্জেন্টিনার। তাহলে খেলা এতদূর যায় না। ডাচদের অতিরিক্ত ফাউলে ভীষণ বিরক্ত লেগেছে। তারা খেলতে নয়, যেন মারামারি করতে এসেছে। আলহামদুলিল্লাহ। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে।
ডেইলি বাংলাদেশ: কবে থেকে আর্জেন্টিনা সমর্থন করেন?
এলিনা শাম্মী: ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সমর্থক আমি। বাবা ছিলেন ম্যারাডোনার ভক্ত। বাসায় সবাই আর্জেন্টিনার সমর্থক। আমিও তাই এর বাইরে নই।
ডেইলি বাংলাদেশ: বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কী দেখছেন?
এলিনা শাম্মী: ক্রোয়েশিয়া হালকাভাবে নেয়ার মতো দল নয়। তারা কেমন তা ব্রাজিলকে হারিয়ে দেখিয়েছে। যদি আর্জেন্টিনা দেখেশুনে ম্যাচের পরিস্থিতি বিচার করে খেলে তাহলে তাদের হারানো কঠিন হবে না। আমি আশাবাদী। সব ঠিকঠাক থাকলে, ভাগ্য যদি সহায় হয় তাহলে এবারের বিশ্বকাপে চুমো খাবেন মেসি। আরেকবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
সোশ্যাল মিডিয়ায় খেলা নিয়ে প্রচুর লেখালেখি হয়। সমর্থকরা একে অপরকে ছোট করতেই যেন মজা পান।
ডেইলি বাংলাদেশ: এ নিয়ে আপনার মন্তব্য কী?
এলিনা শাম্মী: আমি কখনো অন্যদের ছোট করে কিছু লিখি না। হার জিত খেলার অংশ। যাদের সমর্থন করি না তারা হেরে গেলে স্বস্তি লাগা স্বাভাবিক। তাই বলে এমন কোনো আচরণ করা ঠিক নয় যাতে চরিত্রের অন্ধকার দিক প্রকাশ পায়। যাই করি না কেন যেন শালীনতা বজায় থাকে। সব আনন্দের মাঝে শালীনতা বজায় থাকা উচিত। তাছাড়া ফেসবুক আমাদের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে লিখে মৌসুমী উৎসবের জন্য নিজেদের সম্পর্ক নষ্ট করা ঠিক নয়।