ঈদের ব্যস্ততা কেমন ছিল?
তানিয়া বৃষ্টি: আলহামদুলিল্লাহ, ঈদের ব্যস্ততা খুব ভালোভাবে যাচ্ছে। প্রতিদিনই শুটিং ছিল। চাঁদ রাতেও শুটিং করেছি। ভিন্ন ধরনের গল্পে কাজ এবার মুক্তি পেয়েছে। তাই চাপটা বেশিই ছিল এবার। ‘কাছের মানুষ’ শিরোনামের নাটকটি দর্শক বেশ পছন্দ করেছে। সেখানে অপূর্ব ভাই, তৌসিফ ভাই ছিলেন। পরিবারের খুবই সুন্দর একটা গল্প। আরো বেশ কিছু নাটক মুক্তি পেয়েছিল যেগুলোর গল্প খুব সুন্দর। চেষ্টা করছি একটু ভিন্ন ধরনের গল্পে মনোযোগ দিতে। ট্রেন্ডি গল্প থেকেও বের হওয়ার চেষ্টা করছি!
ভিন্ন গল্পে কাজ করতে কেমন লাগছে? বিস্তারিত শুনতে চাই
তানিয়া বৃষ্টি: ভিন্ন ধাঁচের গল্পে আমি বরাবরই অভিনয় করতে চাই। গত রমজান ঈদেও আমার বেশ কিছু কাজ গেছে। যেগুলো থেকে খুবই ভালো দর্শকের সাড়া পেয়েছি। যেমন- ‘ছোবল’, ‘আইসিইউ’ এই গল্পগুলো দর্শক প্রশংসা করেছেন। আবার ‘পিনিকেই ঝিনিক’ এই নাটকের পর দর্শক একটু ভিন্ন গল্পে আমাকে দেখতে চায়। এর আগে আমি একটু ট্রেন্ডি বা ভিউ হবে এমন গল্পে কাজ করেছি। কিন্তু এখন যখন ভিন্ন গল্পে কাজ করি দর্শক আলোচনা করে তখন ভালো লাগে। ভিউয়ের গল্প যেগুলো সেগুলোও। কেননা শিল্পী হিসেবে আমাদের সব কিছু ব্যালেন্স করতে হয়।
.png)

সবাই তো ওটিটিতে নিয়মিত হচ্ছে। আপনি নিয়মিত হবেন কবে?
তানিয়া বৃষ্টি: ওটিটিতে আমি এখনো তেমন কাজ করিনি। শুধু ‘দুই দিনের দুনিয়া’ নামের একটা সিরিজ করেছি। এরপর ওইভাবে ওটিটিতে আর কাজ করা হয়নি। তবে কথা চলছে, কিছু জায়গায় অডিশন দিয়েছি। সবকিছু নিশ্চিত হলে হয়তো বলতে পারব।
ওটিটি নিয়ে আপনার ধারণা কী?
তানিয়া বৃষ্টি: ওটিটি একটা বিশাল প্ল্যাটফর্ম। এখনে আন্তর্জাতিক একটা ব্যাপার চলে এসেছে। হইচই, চরকির পাশাপাশি বাংলাদেশে ওটিটির নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। দর্শক বাড়ছে। নির্মাতারা তাদের নির্মাণ দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। ওটিটি নিয়ে সবার মতো আমারো আশা আছে। কারণ, এটা শিল্পীদের জন্য খুব ইতিবাচক একটা প্ল্যাটফর্ম। সবাই তাদের অভিনয়গুণ মেলে ধরতে পারেন। ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে দর্শকও তা রিয়েলাইজড করতে পারে।
কাজের কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কি না?
তানিয়া বৃষ্টি: কাজের তেমন কোনো পরিকল্পনা নেই। নিজের অভিনয় যেন আরো ভাল হয় সেটা নিয়ে ভাবছি। একটু ভিন্ন গল্পে কাজ করে, আগের প্যাটার্ন থেকে বের হতে চাই। ভিউয়ের পেছনে না দৌড়ে এখন চিন্তা-ভাবনা একটু ভিন্ন গল্পে কাজ করা।

অবসর সময়টুকু কী করা হয়?
তানিয়া বৃষ্টি: আমি অবসর সময় খুব কম পাই। যতটুকুই পাই পরিবারকে সময় দিই। মুভি দেখি। আমি প্রচুর সিনেমা দেখতে পছন্দ করি। বাংলাদেশের সিনেমা দেখা হয়, বাইরের দেশের সিনেমাও দেখা যায়। সবাই মিলে ছবি দেখতে চলে যাই বা খেতে চলে যাই। সিরিজ দেখি নেটফ্লিক্সে। মূলত অবসর সময়টাও অভিনয় সামঞ্জস্য কাজগুলো দিয়েই কাটে।
এক দশকের অভিনয়জীবন পার করেছেন। কোন অভিনেতার সঙ্গে কাজে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন আর কার সঙ্গে কাজ করা হয়নি কিন্তু ইচ্ছা আছে?
তানিয়া বৃষ্টি: সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে। তার সঙ্গে আমার সিঙ্কটা খুব ভালো হয়। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। তার সামনে কোনো একটা চরিত্র করলাম, ভাই তখন সঙ্গে সঙ্গে বলে দিবেন তানিয়া এই ডায়লগটা এভাবে দে, এই সিনটা ওভাবে করলে সুন্দর হবে। তাই আমার পছন্দের সহশিল্পী হচ্ছে মোশাররফ ভাই। আর সবার সঙ্গেই মোটামুটি কাজ হয়েছে। তবে আফরান নিশো ভাইয়ের সঙ্গে কাজ হয়নি। তিনি তো এখন নাটকে কাজ করছেন না। আমার যদি কখনো সুযোগ হয় তার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।