সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের পরিকল্পনা, শূন্যপদ ৫ লাখ ২১ হাজার
দেশের বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে খালি থাকা ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব পদে জনবল নিয়োগ দিতে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্যের প্রশ্ন ছিল, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের পরিকল্পনা কী।
জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৫’ অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
তিনি বলেন, এসব শূন্যপদ পূরণে সরকার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুততম সময়ে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
পাশাপাশি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদ পূরণে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আব্দুল বারী বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারি দপ্তরগুলোর দীর্ঘদিনের জনবলসংকট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।