মেঘের সাথে যুক্তি করে মন মেলেছে পাখা,
মেঘের বাড়ি যত্ন করে আলপনাতে আঁকা।
সেই বাড়িতে ঘুরতে যাওয়া— উড়তে চাওয়া মন,
তেপান্তরের মাঠ পেরিয়ে আলতাদীঘির বন।
.png)
বন পেরিয়ে, পাহাড় নদী সমুদ্র সাম্পান,
তপ্ত গাঁয়ের শ্রান্ত বিকেল নীলাভ আসমান।
মেঘের বাড়ি মেঘের বাড়ি মেঘের বাড়ি যাই,
সন্ধ্যা হলে চাঁদ মামা দেয় অপূর্ব রোশনাই।
মেঘ পরীরা আসর জমায় রাত্রি হলে গাঢ়,
হাজার ফুলের সুবাস ভাসে, জুঁই চামেলি আরও...
মেঘের বাড়ি যাচ্ছি আমি, আর কে যাবে? তুমি?
জলদি এসো রিক্তা রাতুল তিন্নি ও মৌসুমি।