ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
মাকসুদা আননাহাল-এর কবিতা

মঞ্চায়ন

মাকসুদা আননাহাল
প্রকাশিত: ১৮:১৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্চায়ন
ভুলে যায় আছে তার আরেক জীবন মঞ্চের ওপাশে অপেক্ষায় ভুলে যায়, অভিনয় শেষ হয়ে গেলে

কী অদ্ভুত এই মঞ্চ! 
কী সাংঘাতিক আকর্ষণীয় লক্ষ‍ বছরের এই নাটক!

মঞ্চের চারপাশে ঘাস, নদী, বৃক্ষ, রঙিন গোলাপ
মঞ্চের ওপরে, প্রতি মুহূর্তে তাৎক্ষণিক সংলাপ!

Advertisement

তাৎক্ষণিক চোখে আসা জল, হাসি, প্রেম, চুম্বন
তাৎক্ষণিক যুদ্ধ, রক্ত প্রবাহ, ঘাম,
ভালোবাসা, ছেড়ে যাওয়া, বিলাপ!

কী ভীষণ টেনে ধরা এই মঞ্চ!
শিল্পীরাও অভিনয়ে যেন নেশাগ্রস্ত
যেন আজীবন মঞ্চেই তার বাস

ভুলে যায় আছে তার আরেক জীবন
মঞ্চের ওপাশে অপেক্ষায়
ভুলে যায়, অভিনয় শেষ হয়ে গেলে
ডিমের খোসার মতো থেকে যাবে
মঞ্চের ওপরে তার খোলস-শরীর
শরীরের শেষ উত্তাপ!

তবু এইসব ভুলে গিয়ে কী ভীষণ অভিনয় রোজ!
অথচ জানেনা সে কখনও

কোনটি হবে যে তার
মঞ্চের শেষ সংলাপ...

ডেইলি-বাংলাদেশ/DB-F-01
লিংক সফলভাবে কপি হয়েছে!