ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ শিশুকিশোর ]

ছ্যাড়াব্যাড়ার ছড়া

মনিরুজ্জামান পলাশ
প্রকাশিত: ১১:৩৩, ৪ নভেম্বর ২০২৬
ছ্যাড়াব্যাড়ার ছড়া
মোবাইলেই খুশি, টিভির কেউ ধারে না ধার হাসির বনে কান্না এখন চালাচ্ছে সংসার।

মেঘের বাড়ি উড়ছে দেখো পাঙাশ মাছের ছানা
গরু বনের সিংহাসনে, খাচ্ছে দুধের ছানা
প্রেস ক্লাবের সভায় শিয়াল প্রকাশ্যে খায় বোতল
মানুষ পেলেই মুরগি তাদের করছে ধরে কোতল।

বন বাজারে জ্বলছে আগুন, দেখছে সবাই চেয়ে
অভাব এবার সত্যিকারেই আসছে বুঝি ধেয়ে!
হাড়ির ভিতর ব্যাঙের বাসা খাদ্যগুদোম ফাঁকা
বনের করুণ চিত্রটা আর যাচ্ছে না ঠিক রাখা!

চোরের গলায় পদক ঝোলে, সাধুর গলায় দড়ি
সোনার দামে কিনতে এখন হচ্ছে লোহার ভরি
বিচার সালিশ যা কিছু হয় মালের অনুকূলে
আসল কথা এ তল্লাটে রাজনীতি সব মূলে।

কাকের হাতে নিউজ পেপার, শকুন পড়ে খবর
সত্য কথা বললে তারে মিথ্যারা দেয় কবর 
মোবাইলেই খুশি, টিভির কেউ ধারে না ধার
হাসির বনে কান্না এখন চালাচ্ছে সংসার।

লাফায় গাধা তারই সাথে লাফায় ছাগল ছানা
চক্ষুছাড়া এই বনে আজ বেশিই দেখে কানা
চ্যাঁচায় পেঁচা, এ কিরে দিন আসলো বনের মাঝে
সুখের পরিবর্তে বনে দুখের সানাই বাজে।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!