ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাইকোর্টে ডিআইজি মিজানের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৪৭, ৭ জুন ২০২১
হাইকোর্টে ডিআইজি মিজানের জামিন আবেদন
পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান- ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জন এবং ঘুষ লেনদেনের অভিযোগে পৃথক মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন।

সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

Advertisement

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে ২০১৯ সালের ২৪ জুন ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী হন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) সংস্থার পরিচালক মঞ্জুর মোর্শেদ।

মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। একই বছরের ৩০ জানুয়ারি ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান ২০২০ সালের ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয় এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরের দিন ২ জুলাই আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার ভাগনে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করেন।

ডিআইজি মিজানের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে করা আরো একটি মামলার বিচার চলছে। এ মামলার আরেক আসামি হলেন দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির।

পুলিশের এ বহিষ্কৃত কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টি দুদক অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয় এনামুল বাছিরকে। কিন্তু অনুসন্ধান চলাকালে ডিআইজি মিজানুর রহমান এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে ২০১৯ বছরের ৯ জুন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!