বাসচাপায় ফারুক নিহতের মামলায় চালক কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় ব্যবসায়ী ফারুক নিহতের ঘটনায় গ্রেফতার বিলাস পরিবহনের চালক রাজিব চঁন্দ্র সরকারকে (২৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গত ২৯ সেপ্টেম্বর ফারুক নামের একজন ব্যবসায়ী কাজের জন্য নিজ বাসা থেকে মতিঝিল যাচ্ছিলেন। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাশেম রোড মোড়ের মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস ও অজ্ঞাতনামা অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলাস পরিবহনের বাসটি পথচারী ফারুককে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠায় এবং বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেয়। পরে নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে বিলাস পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন।
এ নিহত ফারুক লক্ষীপুর রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। তিনি সপরিবারে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইসলাম নগর এলাকায় বসবাস করতেন। মাতুয়াইল ইসলাম নগর এলাকায় ব্যবসা করতেন ফারুক।