ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঢেঁড়সের দোপেঁয়াজা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ১ এপ্রিল ২০২৬
ঢেঁড়সের দোপেঁয়াজা রেসিপি
ঢেঁড়সের দোপেঁয়াজা। ছবি: সংগৃহীত

গরমের মৌসুমে যেসব সবজি মেলে তার মধ্যে ঢেঁড়স অন্যতম। ঢেঁড়সের ভাজি, ভর্তা তো অনেক খেয়েছে তবে এবার কুচ‌োনো এবং ডুমো করে কাটা— দুই ভাবে পেঁয়াজের ব্যবহারে আর মসলার সঠিক মিশ্রণে বানিয়ে ফেলুন ঢেঁড়সের দোপেঁয়াজা। এটি খেতে বেশ সুস্বাদু হয়।

চলুন জেনে নেয়া যাক ঢেঁড়সের দোপেঁয়াজা রান্নার রেসিপি- 

উপকরণ

Advertisement
  • ঢেঁড়স- ৫০০ গ্রাম 
  • পেঁয়াজকুচি- ২টি 
  • শুকনা মরিচ- ২-৩টি 
  • আস্ত জিরা- ১ চা-চামচ 
  • আদাবাটা- ১ চা-চামচ 
  • রসুনবাটা- ১ চা-চামচ 
  • হলুদ গুঁড়া- ১ চা-চামচ
  • কাশ্মীরি মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ 
  • টমেটো কুচি- ১টি 
  • টমেটো ডুমো করে কাটা- ১টি 
  • পেঁয়াজ ডুমো করে কাটা- ১টি 
  • ফেটানো টক দই- ২-৩টেবিল চামচ 
  • ধনে-জিরা গুঁড়া- ২ চা চামচ 
  • লবণ ও চিনি- স্বাদমতো 
  • ধনেপাতা কুচি- পরিমাণমতো 
  • সরিষার তেল- পরিমাণমতো।  

প্রণালি

ঢেঁড়স এক ইঞ্চি মাপে কেটে নিন। সর্ষের তেল গরম হলে ঢেঁড়স ভালো করে ভেজে নিন। তবে ঢেঁড়সের রং যেন না বদলায়, বেশি ভাজা হয়ে নেতিয়ে না যায়। মোটামুটি ৯০ শতাংশ ভাজা হলেই চলবে।

কড়াইয়ে তেল গরম করে জিরা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজ ভাজা হলে দিন লবণ, আদা-রসুন বাটা। মসলা কষানো হলে, হলুদ-মরিচের গুঁড়া যোগ করুন। দিয়ে দিন টমেটো কুচি। ভালো করে কষাতে থাকুন। টমেটো গলে তেল ছেড়ে এলে ফেটানো টক দই, ধনে-জিরে গুঁড়া দিয়ে দিন। এবার ঢেঁড়স দিয়ে ২ মিনিট রান্না করুন।

আর একটি কড়াইয়ে তেল গরম হতে দিন। ডুমো করে কাটা পেঁয়াজ, টমেটো হালকা ভেজে নিন। সেটি ঢেঁড়সে মিশিয়ে নিন। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে মিনিট খানেক রান্না করে নামিয়ে নিন। 

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!