ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

৩০ মিনিট হালকা পরিশ্রমে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ৮% কমে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ মিনিট হালকা পরিশ্রমে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ৮% কমে
একটানা ৩০ মিনিটের বেশি বসে থাকা নির্দিষ্টভাবে ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বৃদ্ধির সাথে সম্পর্কিত। সুখবর হল আপনার বসে থাকার সময়কে স্বাভাবিক গতির হাঁটার মত ছোট-খাট ব্যায়ামের দ্বারা প্রতিস্থাপিত করে নিলে এ সমস্যা প্রতিরোধ করা যায়।

ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে, কাজে-অকাজে আমাদের অনেকেরই বসে-শুয়ে থাকার সময় বেড়ে চলছে। পর্যাপ্ত কায়িক শ্রম ছাড়া এভাবেই দিন কাটাচ্ছেন অনেক মানুষ। শুয়ে-বসে দিন কাটানোর কথা ভাবলে আনন্দ হলেও টানা এমনটি করা স্বাস্থ্যকর নয়। বর্তমানে পৃথিবী জুড়ে বাড়ছে ক্যান্সারের উপদ্রব, বাড়ছে এ রোগে মৃত্যু সংখ্যা। সম্প্রতি এক গবেষণায়, কায়িক শ্রমের অভাব ও ক্যান্সারে মৃত্যু ঝুঁকির মাঝে একটি যোগসূত্র লক্ষ্য করেছেন গবেষকগণ।

প্রতিদিন একবারে টানা আধা ঘণ্টার বেশি বসে থাকা ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়। যুক্তরাজ্যের ‘বায়ো ব্যাংক’ কার্যক্রমের অধীন ৯০ হাজার স্বেচ্ছাসেবী থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ গবেষণা করা হয়েছে। গবেষণাটি ‘প্লজ মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

Advertisement

গবেষকগণ এক দশক ধরে ৯০ হাজারের বেশি মানুষের উপর গবেষণা করে দেখতে পান, জেগে থাকা অবস্থায় একবারে ৩০ মিনিটের বেশি বসে থাকলে বা শুয়ে থাকলে তা ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এভাবে শারীরিক পরিশ্রমহীনভাবে কাটানো অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য এ ঝুঁকি ১০ শতাংশ হারে বাড়তে পারে।

তবে, গবেষকগণ কেবল এ সমস্যাই খুঁজে পান নি। বরং, এ থেকে পরিত্রাণেরও একটি উপায় খুঁজে পেয়েছেন। ৩০ মিনিটের বেশি সময় ধরে বসে কাজ করার ফাঁকে-ফাঁকে শারীরিক পরিশ্রম করা এ ঝুঁকি কমিয়ে আনতে পারে। আধা ঘণ্টা পর-পর ওঠা এবং অফিস কিংবা বাসায় হাঁটার মত হালকা ব্যায়ামও এক্ষেত্রে সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন তাঁরা।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের করা এ গবেষণার প্রধান গবেষক ডাক্তার ফ্রেডরিক হো জানান, “আমাদের প্রাপ্ত তথ্য দেখায় যে, একটানা ৩০ মিনিটের বেশি বসে থাকা নির্দিষ্টভাবে ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বৃদ্ধির সাথে সম্পর্কিত। সুখবর হল আপনার বসে থাকার সময়কে স্বাভাবিক গতির হাঁটার মত ছোট-খাট ব্যায়ামের দ্বারা প্রতিস্থাপিত করে নিলে এ সমস্যা প্রতিরোধ করা যায়।”

গবেষণায় দেখা যায়, প্রতিদিনের টানা বসে থাকার সময় থেকে এক ঘণ্টা যদি হালকা শারীরিক পরিশ্রম যেমন, বাসন ধোয়া বা ইস্ত্রি করার কাজে ব্যয় করা হয়, তাহলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ১২% কমে যায়। অর্থাৎ, আপনি যদি ৮ ঘণ্টা বসে থাকেন, তাহলে সে ৮ ঘণ্টা থেকে ১ ঘণ্টা বসে না থেকে হালকা ব্যায়াম করলে ক্যান্সারে মৃত্যু ঝুঁকি কমতে পারে।

একইভাবে, যদি ৩০ মিনিট টানা বসে থাকার সময়কে ৩০ মিনিট হালকা শারীরিক পরিশ্রম যেমন, স্বাভাবিক গতিতে হাঁটার মাধ্যমে প্রতিস্থাপিত করা গেলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ৮% কমে যায়। আর, ৫ মিনিট বসে থাকার সময়কে যদি ৫ মিনিট ভারী ব্যায়ামের মাধ্যমে প্রতিস্থাপিত করা যায় তাহলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ২২% কমে যায়।

এ বিষয়টি নিয়ে গবেষণা এখনও চলমান এবং এটি একটি পর্যবেক্ষণমূলক সমীক্ষার পরিসংখ্যানগত বিশ্লেষণ। তাই, এটি এ বিষয়ে সম্পূর্ণ কার্যকারণ ব্যাখ্যা করে না। সেক্ষেত্রে, গবেষণাটির সীমাবদ্ধতা রয়েছে। আরো অনেক নতুন-নতুন তথ্য সামনে জানা যাবে। প্রাপ্ত গবেষণার ফলও আরো উন্নত ও পরিবর্তিত হতে পারে।

তবে, গবেষণা হতে এটুকু ইঙ্গিত পাওয়া যায় যে, একটানা বসে থেকে কাজ করা বা নিষ্ক্রিয় থাকা ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের পাশাপাশি এই টানা বসে থাকার ফাঁকে-ফাঁকে হালকা শারীরিক শ্রম এ ঝুঁকি কমাতে পারে।

সৌজন্য :  শিক্ষা সভা, তথ্যসূত্র: Sitting for more than 30 minutes at a time linked to higher risk of cancer death, The Guardian, July 02, 2026

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!