ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

চালের দাম বস্তায় বেড়েছে ১০০ টাকা, ডিমে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ৩০ জুলাই ২০২৪
চালের দাম বস্তায় বেড়েছে ১০০ টাকা, ডিমে স্বস্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে বাজারে কমেছে ডিম, সবজি ও মুরগিসহ বেশকিছু নিত্যপণ্যের দাম। তবে সপ্তাহ ব্যবধানে চালের বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। বস্তাপ্রতি (৫০ কেজি) ১০০-১৫০ টাকা ও কেজিপ্রতি ১-৩ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা, মিরপুর ও হাতিরপুলসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, মোটা চাল (স্বর্ণা) কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। অর্থ্যাৎ বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ টাকা। এছাড়া বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকা প্রতি কেজি। গত সপ্তাহে যার দাম ছিল ৫৫ টাকা। কেজিতে ২ টাকা বেড়ে বিআর-২৯ বিক্রি হচ্ছে ৫৭ টাকা প্রতি কেজি। এছাড়া প্রতি কেজি সুগন্ধি চাল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

Advertisement

চালের দাম বাড়ার কারণ হিসেবে বাড়তি পরিবহন ভাড়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। মোহাম্মদপুরের এক চাল ব্যবসায়ী বলেন, সম্প্রতি পরিবহন খরচ অনেক বেড়েছে। ১৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ট্রাক নওগাঁ থেকে ঢাকায় ঢুকতে ভাড়া লাগে ১৫ থেকে ১৬ হাজার টাকা। অবরোধ-আন্দোলনের কারণে এখন সেটি গুনতে হচ্ছে ২০ থেকে ২১ হাজার টাকা। অধিকাংশ পরিবহন মালিক সহিংসতার ভয়ে ট্রাক ভাড়া দিতে চাচ্ছেন না। যারা দিচ্ছেন, তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। এর প্রভাব পড়েছে চালের বাজারে।

এদিকে, লাগামহীন দাম কিছুটা কমে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে ৬০০ টাকা কেজিতে বিক্রি হওয়া মরিচ এখন পাওয়া যাচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা এবং আলু প্রতিকেজি ৬০-৬৫ টাকায় স্থিতিশীল থাকলেও দাম কমেছে ডিমের। ২০ টাকা কমে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

এছাড়া মুরগির দামও কিছুটা কমতির দিকে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল যথাক্রমে ২০০ ও ৩২০ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!