ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

আজকের বাজারে স্বর্ণের নতুন দাম কত?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৬
আজকের বাজারে স্বর্ণের নতুন দাম কত?
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা তিন দফা দাম কমার পর এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দাম বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এই দরেই রোববার (৬ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

Advertisement

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!