পেঁয়াজের দামে আতঙ্কের কিছুই নেই: বাণিজ্য সচিব
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, এই মুহূর্তে সরকারের কাছে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে। তাই পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে টিসিবি’র মাধ্যমে ৩৫টি ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু হবে। এছাড়া মিয়ানমার থেকে দুইটি জাহাজ বন্দরে এসেছে। একটির পণ্য এরইমধ্যে খালাস হয়েছে।
.png)
তিনি বলেন, যারা পেঁয়াজের বাজার দর বাড়ানোর চেষ্টা করছেন, এর কোনো যুক্তি নেই। যারা মজুদ করবেন এবং বাজারকে অস্থির করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।
ভবিষ্যতে যাতে পেঁয়াজ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয় সে জন্য কৃষি ও অন্যান্য মন্ত্রণালয় নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের ঘাটতি খুব বেশি না। যেহেতু আমরা খাদ্যে স্বয়ঃসম্পন্ন হয়েছি, কাজেই পেঁয়াজ-রসুন-আদা নিয়ে দীর্ঘমেয়াদে পদক্ষেপ নেয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে আমদানির দিকে তাকিয়ে থাকতে না হয়।
ডেইলি বাংলাদেশ/এসএইচআর/আরএইচ