বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো দেয়া এক লিখিত প্রতিক্রিয়ায় এ সন্তুষ্টির কথা জানান।
বুধবার দুপুরে হলি আর্টিজান হামলা মামলার রায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া এক আসামিকে খালাস দেয়া হয়।
.png)
রায়ের পর প্রতিক্রিয়া জানতে নাওকি ইতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশের আদালত দ্রুত বিচারে পৌঁছেছেন, আমরা এ বিষয়টির প্রশংসা করি।
রাষ্ট্রদূত আরো বলেন, হলি আর্টিজান হামলার রায় উপলক্ষে আমি শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকার জাপান দূতাবাস বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাপানি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করবে। আমরা জাইকা বাস্তবায়িত প্রকল্পসহ জাপানের বিভিন্ন কোম্পানিতে কর্মরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বাত্মকভাবে কাজ করবো।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট হামলায় যেসব বিদেশী নাগরিক নিহত হন, তাদের মধ্যে সাত জন ছিলেন জাপানি। সেদিন সেখানে আট জাপানি নাগরিক খেতে গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে একজন জীবিত উদ্ধার হয়েছিলেন। নিহত জাপানিরা মেট্রোরেল প্রকল্পে কর্মরত ছিলেন।
হলি আর্টিজান হামলায় সাত জাপানি ছাড়াও, ইতালির নয়জন, ভারতের একজন ও তিন বাংলাদেশী নিহত হন।