ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সশস্ত্র বাহিনীর কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২১
সশস্ত্র বাহিনীর কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান রোববার ঢাকা সিএমএইচ-এ কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে সেনাসদস্যদের মধ্যে প্রথমে টিকা গ্রহণ করেন- আইএসপ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এতে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এবং বিভিন্ন পদবির সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন।

Advertisement

উদ্বোধনী দিনে প্রায় ২০০ সেনাসদস্যকে টিকা প্রয়োগ করা হয়। টিকা গ্রহণকারী সব সেনাসদস্য কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ (surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেন। এছাড়াও দেশের অন্যান্য সব সম্মিলিত সামরিক হাসপাতালেও একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রতিদিন নিবন্ধনধারীদের মধ্য হতে প্রায় ৫০০ জনকে টিকা প্রদান করা হবে। 

এদিকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর সদস্যদের টিকাদান রোববার সকাল থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সব হাসপাতালে টিকা দেয়া হয়।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঢাকার বানৌজা হাজী মহসীনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ টিকা প্রদানের মাধ্যমে করোনামুক্ত বাংলাদেশ মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

করোনাভাইরাস মোকাবিলায় নৌবাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের সকাল ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত টিকা প্রদান করা হয়। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব সামরিক ও অসামরিক নৌ সদস্যদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

পাশাপাশি দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের মেডিকেল স্কোয়াড্রনে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য সদস্যদের করোনাভাইরাসের টিকা দেয়া হয়।

উদ্বোধনী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ জন সদস্যকে টিকা প্রয়োগ করা হয়। টিকা গ্রহণকারী বিমান বাহিনীর সব সদস্য কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম (surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটিতে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ঢাকা সিএমএইচে টিকা গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় ৫০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা টিকা নেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন/এসআর
লিংক সফলভাবে কপি হয়েছে!