কালবৈশাখী ঝড়বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সারাদেশে গতকালের মতো আজও কালবৈশাখী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এদিকে চলতি বছরের মধ্যে গতকাল শুক্রবার থেকে শনিবার ভোররাত পর্যন্ত দেশের প্রায় অর্ধেক বা ১৯টি অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ও সিলেটে ৩৫ মিলিমিটার করে। ঢাকাতে ২৪ মিলিমিটার, মাদারীপুরে ৩ মিলিমিটার, গোপালগঞ্জে সামান্য, ময়মনসিংহে ১৪, নেত্রকোনায় ২৯, কুমিল্লায় ১, চাঁদপুরে ৩, মাইজদিকোর্টে ৬, ফেনীতে ১২, শ্রীমঙ্গলে ২২, রংপুরে ৩০, দিনাজপুরে ১৫, সৈয়দপুরে ২৮, তেঁতুলিয়ায় ১৪, ডিমলায় ২৮, রাজারহাটে ১৮ ও ভোলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
.png)
এদিকে শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন আবহাওয়ার প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।