ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যে কারণে এবারের শীতকাল ব্যতিক্রমী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২২ ডিসেম্বর ২০২১
যে কারণে এবারের শীতকাল ব্যতিক্রমী
ফাইল ছবি

সারাদেশেই কনকনে শীত পড়ছে। বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। দিন ও রাতের তাপমাত্রার তুলনামূলক ব্যবধান কমেছে। এরইমধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩০ বছরের মধ্যে এই সময়ে গড় তাপমাত্রা সবচেয়ে কম। এসব থেকে বোঝা যাচ্ছে এবারের শীতকাল কিছুটা ব্যতিক্রমী।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, এবার শীতের মধ্যেও বঙ্গোপসাগর হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে।

কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরের তাপমাত্রা মূল ভূখণ্ডের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে গেছে।

Advertisement

অন্যদিকে, হিমালয় থেকে এবার অপেক্ষাকৃত শীতল বাতাস উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করে সারাদেশে ছড়িয়ে হাড়কাঁপানো শীত আনার চেষ্টা করছে। কিন্তু বঙ্গোপসাগরে বাড়তি তাপের কারণে ফুটন্ত পানির ধোঁয়ার মতো ঘন মেঘ তৈরি হচ্ছে।

উপকূল দিয়ে আসা উষ্ণ মেঘ আর উত্তরাঞ্চল দিয়ে আসা হিমেল বাতাসের মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়েছে। এ কারণে শৈত্যপ্রবাহ শুরু হতে না হতেই মেঘের দল এসে তাতে উত্তাপ ঢেলে দিচ্ছে।

অস্ট্রেলিয়া ও ভারতের আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগর নিয়ে নতুন এক তথ্য দিয়েছে। তারা বলছে, বঙ্গোপসাগরে ইন্ডিয়ান ওশান ডাইপল বা ভারত মহাসাগর দ্বিমেরু পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ্যায় যারা পারদর্শী নন, তারা হয়তো বলে উঠবেন, এটা আবার কী? এর উত্তরে আবহাওয়াবিদদের জবাব, এটা অনেকটা প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ও ‘লা নিনার’ মতো একটা বিষয়।

এই জবাবে বেশির ভাগ মানুষের সন্তুষ্ট হওয়ার কথা নয়। আবহাওয়ার এই জটিল পরিভাষা যাঁদের বুঝতে সমস্যা হচ্ছে, তাঁদের জন্য সহজ উত্তর হলো, ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলজুড়ে একদিকে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে ওঠে, অন্যদিকে পানি স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হয়ে যায়।

ভারত মহাসাগরের তাপমাত্রার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের তাপমাত্রা বর্তমানে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়াবিদেরা বলছেন, ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া দ্বিমেরু পরিস্থিতির কারণে একদিকে আন্দামান ও ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির কাছাকাছি চলে গেছে। এ কারণে সেখানে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি আজ বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাতাসের ধাক্কায় ওই উত্তপ্ত পানি বাংলাদেশ ও ভারতের বঙ্গোপসাগর অংশে চলে আসছে। এ জন্য এখানেও তাপমাত্রা বেড়ে গেছে।

এ বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, মূলত মিয়ানমার ও ভারতের পূর্বাঞ্চলের জলসীমায় সৃষ্টি হওয়া মেঘ বাংলাদেশের ওপরে আসছে। এ জন্য আগামী দু-এক দিন বাংলাদেশের উপকূলীয় এলাকায় শীত কমবে। তবে দেশের উত্তরাঞ্চল দিয়ে হিমেল হাওয়ার প্রবাহ অব্যাহত থাকবে। তাই সেখানে শীত ও শৈত্যপ্রবাহ জানুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ বলছে, উত্তপ্ত পানির কারণে সৃষ্টি হওয়া মেঘ মিয়ানমারের আরাকান পর্বতমালা ও ভারতের মিজোরাম-অরুণাচলের পর্বতমালায় বাধা পাচ্ছে। এ কারণে আজ বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সাগরের বাড়তি উত্তাপের কারণে আগামী দুই দিন মেঘের আনাগোনা বেড়ে দেশের উপকূলীয় এলাকাগুলোয় শীত কমে আসতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আজ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ ও কুয়াশা থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!