ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশ ও জনগণের নিরাপত্তার জন্য পুলিশ লড়াই করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৪:৫৮, ১ মার্চ ২০২২
দেশ ও জনগণের নিরাপত্তার জন্য পুলিশ লড়াই করছে: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ- ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জনগণ, সমাজ, রাষ্ট্র ধ্বংসের জন্য লিপ্ত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশ ক্রমাগতভাবে লড়াইয়ে লিপ্ত থাকে। এ লড়াই সন্ত্রাসী, অপরাধী, জঙ্গি, গ্যাং, চোর-ডাকাতদের বিরুদ্ধে। যারা শান্তিভঙ্গ কিংবা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে। আমরা শান্তিকালীন সময়ে প্রতিনিয়ত লড়াই করছি দেশ, জনগণ, সমাজে শান্তিশৃঙ্খলা, নিরাপত্তার জন্য। এজন্য আত্মত্যাগ করছে পুলিশ সদস্যরা। প্রতিবছর শত শত সহকর্মীকে কর্তব্যরত অবস্থায় আমরা হারাই।

মঙ্গলবার ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’ উপলক্ষে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানিয়ে পুলিশ মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ ও তাদের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর মিরপুর-১৪তে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন।

Advertisement

আইজিপি বলেন, জুনিয়র কোনো পুলিশ সদস্যের মৃত্যুর পর তার পরিবার পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান পেত। তখন বিল পাস করতেন জেলা পুলিশ সুপার। সরকার ২০২০ সালে আট লাখ করার পর সেই বিল পাস করেন জেলা প্রশাসকরা। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় মারা যান ৩৭৭ পুলিশ সদস্য। এর মধ্যে মাত্র ৭৯টি পরিবার টাকা পেয়েছে। বাকি সব পেন্ডিং।

স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করে আইজিপি বলেন, আমাদের জুনিয়র কোনো সদস্য যখন দায়িত্বরত অবস্থায় মারা যান তখন তার পুরো পরিবার অথৈ সমুদ্রে নিক্ষিপ্ত হয়। জেলা প্রশাসকরা অনেক ব্যস্ত থাকেন। এ দায়িত্ব যদি আবার পুলিশ সুপারদের কাছে যায় তাহলে এ সমন্বয়হীনতা থাকবে না। মৃত পুলিশ সদস্যদের অসহায় পরিবারগুলোর অনেক উপকার হবে। আশা করছি, এ অনিশ্চয়তা কাটাতে উদ্যোগী হবে মন্ত্রণালয়।

পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৩৭ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপিসহ উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ, ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ স্টাফ কলেজ চত্বরে নবনির্মিত পুলিশ মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এইচএন
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!