ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জনসেবা দিতে কর্মকর্তাদের সেবক হিসেবে কাজ করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ২৯ মার্চ ২০২২
জনসেবা দিতে কর্মকর্তাদের সেবক হিসেবে কাজ করতে হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি প্রতিরোধে কর্মকর্তাদের তৎপর থাকতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, জনসেবা দিতে কর্মকর্তাদের সেবক হিসেবে কাজ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা নিরসনে উপায় নির্ধারণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনের সময় সিইসি এ কথা বলেন।

Advertisement

দীর্ঘদিন ধরে চলা এনআইডি সংশোধনকে ঘিরে নাগরিকদের দুর্ভোগ নিরসনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে আঞ্চলিক, জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিস, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বর্তমানে ১১ কোটি ৩২ লাখেরও বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছেন। ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের এনআইডি কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি উন্নতমানের স্মার্ট কার্ড দেওয়াও চলমান রয়েছে।

সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন অপরিসীম। এনআইডিতে ভুল বিভিন্ন কারণে হতে পারে। ভুল সংশোধন নিয়ে অনেকেই আসছেন, এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, পরিচয়পত্র দৈনন্দিন কার্যক্রম সহজ করে দিয়েছে। এখন সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। সংশোধনের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কিন্তু মানুষ যেন হয়রানির শিকার না হয়। সেবা সঠিকভাবে দিতে পারলে মানুষ উপকৃত হবে।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!