ঈদের ছুটিতে ৯৯৯-এ সেবা চেয়ে ৬০ হাজার ফোন
পবিত্র ঈদুল আজহার ছুটির তিন দিনে (১০-১২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরে ৬০ হাজারের বেশি ফোনকল আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। এসব ফোনকলে মারামারি, হামলা ও দুর্ঘটনার তথ্য দেওয়া হয় সবচেয়ে বেশি। এছাড়া ৯৯৯ সংশ্লিষ্ট নয়- এমন কলও রয়েছে এর মধ্যে।
ঈদের আগের দিন ৯ জুলাই জাতীয় জরুরি সেবা নম্বরে দেশের বিভিন্ন এলাকা থেকে কল আসে ৬৫৪টি, ঈদের দিন ৬৭৩টি ও ঈদের পরের দিন বিভিন্ন প্রান্ত থেকে সর্বোচ্চ কল আসে ৮৬৯টি।
জাতীয় জরুরি সেবা থেকে পাওয়া কলের তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
.png)
১০টি প্রধান সমস্যার তথ্য জানিয়ে ঈদের তিন দিনে কল আসে ২ হাজার ১৯৬টি। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঈদে বাড়ি ফেরা ও ঘুরতে বেড়িয়ে দুর্ঘটনায় পড়ার তথ্য জানিয়ে কল আসে ২৪৬টি, বাসায় অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্স ও হাসপাতাল সংক্রান্ত সহযোগিতা চেয়ে কল করেন ২৫৫ জন।
এছাড়া অগ্নিকাণ্ড সংক্রান্ত তথ্য জানিয়ে কল করেন ১৪৯ জন। ঈদের ছুটিতে উচ্চস্বরে গান-বাজনা ও মাইকিংসহ বিভিন্ন শব্দ দূষণের প্রতিকার চেয়ে ১৪৬ জন ভুক্তভোগী কল করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই সেবা চালু হয়। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার হলো ৯৯৯ জরুরি সেবা। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এ সেবার জন্য ফোন করতে পারেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এ সেবা। ৯৯৯–এ ফোন করতে কোনো খরচও নেই, এটি টোল ফ্রি।