ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আমরা রাজস্ব আদায়ে রেকর্ড ভেঙেছি: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ২৬ জুলাই ২০২২
আমরা রাজস্ব আদায়ে রেকর্ড ভেঙেছি: মেয়র তাপস
নগর ভবনে পঞ্চদশ করপোরেশন সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত রচনা করতে পেরেছি। আমরা রাজস্ব আদায়ে রেকর্ড ভেঙেছি।

তিনি বলেন, আপনারা শুনে খুশি হবেন, সর্বকালের ইতিহাস ভেঙে বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটির টাকারও বেশি রাজস্ব আহরণ করেছি। মাত্র ২ বছরের মধ্যে একটি ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার করপোরেশনে পরিণত করেছি।

মঙ্গলবার ২০২২-২৩ অর্থবছরের ৬৭৪১.২৮ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে ডিএসসিসি। নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় এসব কথা বলেন মেয়র তাপস।

Advertisement

তিনি বলেন, আমি যখন এ করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। আপনাদের (কাউন্সিলরদের) নিরলস পরিশ্রমে, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে, সুষ্ঠু কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় আমরা ঢাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। করোনা মহামারির মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার আমরা গতবারের চেয়ে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভেঙেছি।

এ সময় ১ জন কর্মকর্তাকে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও  ১ জন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!