ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করা হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:০১, ১৭ জুলাই ২০২২
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করা হবে: মেয়র তাপস
এডিস মশার বিস্তার প্রতিরোধে ‘নিয়ন্ত্রণ কক্ষ’ এর কার্যক্রম উদ্বোধন শেষে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু রোগ ও এডিস মশার বিস্তার প্রতিরোধ করার জন্য আজ থেকে আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করলাম। এর মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা সরাসরি তদারকি করব।

রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র। এ সময় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংযুক্ত হয়ে সরাসরি ফেসবুক লাইভে নির্দেশিত কার্যক্রম তিনি মনিটরিং করেন।                                   

শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী দুই মাস এ কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা আশাবাদী- এতে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। 

Advertisement

তিনি বলেন, আমাদের সব কাউন্সিলর এরই মধ্যে কাজে নেমে গেছে। সকাল থেকেই কার্যক্রম শুরু করেছি। আজ আমরা বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন রোগীকে শনাক্ত করতে পেরেছি। এছাড়াও আমাদের নিয়মিত কার্যক্রমও নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি তদারকি করব।

মশক সুপারভাইজার, কাউন্সিলর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি তথ্য দিচ্ছেন জানিয়ে মেয়র তাপস বলেন, ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন নির্মাণাধীন বাসা, সরকারি আবাসনসহ যেসব জায়গায় ব্যত্যয় পাচ্ছেন, সেসব জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ।
                            

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমএস
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!