ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি শেষ করুন: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, অনেকে ঈদের তৃতীয় দিনে পশু জবাই করেন। বিনীতভাবে বলছি, ঈদের তৃতীয় দিনের অপেক্ষায় না থেকে দ্বিতীয় দিন পশু কোরবানি শেষ করুন। কারণ, বর্জ্য অপসারণে টানা ৭২ ঘণ্টা কাজ হবে। কর্মীদের বিশ্রাম প্রয়োজন রয়েছে, ঈদের ছুটিরও প্রয়োজন রয়েছে।
শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য নিয়ে বিশাল কর্মযজ্ঞের ব্যস্ততা থাকে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শনিবার রাত ১১টা থেকে হাটের বর্জ্য অপসারণ শুরু হবে।
.png)
তিনি আরো বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে। আগের মতো এবারো বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ সম্ভব হবে বলে আশা করি।
মেয়র তাপস বলেন, সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ঢাকার ডিসি মো. শহীদুল ইসলাম, দক্ষিণ সিটির পরিবহন মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল প্রমুখ।