কাল-পরশুর মধ্যেই সৃষ্টি হতে পারে লঘুচাপ
আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় কয়েক দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। কাল বা পরশুর মধ্যে এটি হতে পারে এবং তা ধীরে ধীরে ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপ তৈরি হওয়ার পরই আমরা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাব।
এর আগে চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও অধিদফতর জানিয়েছিল, অক্টোবরে একটি থেকে দুটি লঘুচাপ হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।