আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আটক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার বিকেলে এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রাজধানীর বাড্ডা থানার জোড়াখাম্বা পূর্ব বাড্ডার সেকান্দারবাগ এলাকায় অভিযান চালিয়ে সাব্বির আহম্মেদ ওরফে সাব্বির ওসমানি ওরফে আহমেদ ওসমানিকে (২০) আটক করা হয়।
.png)
এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি পেন ড্রাইভ ও ১১টি উগ্রবাদী বই জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতার সাব্বির আহম্মেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ে। তার ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায়, ফেসবুক আইডির মাধ্যমে উগ্রবাদী মতবাদ সম্পর্কে বিভিন্ন পোস্ট প্রদান, আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করত।
সাব্বির আহম্মেদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পদ গ্রহণ, সমর্থন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।