নিম্নচাপে পরিণত হলো বঙ্গোপসাগরের লঘুচাপ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী দু-একদিনের মধ্যেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব শুরু হতে পারে।
শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি রোববারের মধ্যে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। এরপর এটি উত্তর দিকে বাঁক নিয়ে সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে গিয়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’।