ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশে শৈত্যপ্রবাহ ও লঘুচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ১ ডিসেম্বর ২০২২
দেশে শৈত্যপ্রবাহ ও লঘুচাপের শঙ্কা
ফাইল ফটো

ডিসেম্বরের শেষে তাপমাত্রা কমে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের উপ-পরিচালক কাওসার পারভিন।

তিনি জানান, ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

কাওসার পারভিন জানান, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!