ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত: বন্ধ থাকবে যেসব রাস্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬, ২১ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত: বন্ধ থাকবে যেসব রাস্তা
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার ১০টা থেকে ১২টার মধ্যে হওয়ার কথা রয়েছে। 

এ উপলক্ষে গাজীপুর ট্রাফিকব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। 

শনিবার সকালে টেশিস শিল্প সংস্থার মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।  

তিনি আরো বলেন, আখেরি মোনাজাতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপপুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!