ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি আরব পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০২, ২৮ মে ২০২৩
সৌদি আরব পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী
ফাইল ফটো

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ১৩২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

শনিবার রাতে হজ পোর্টাল থেকে এ তথ্য জানা যায়।

হজ পোর্টাল সূত্রে জানা যায়, সৌদিতে পৌঁছানো ২৪ হাজার ১৩২ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৫৬৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

হজ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এছাড়া বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ব্যবস্থাপনার দশম এবং এগারতম ফ্লাইটের হজযাত্রীগণ মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে আজ মক্কা থেকে মদিনায় গমন করেছেন।

গত ২১ মে চলতি বছরে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!