ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বাংলাদেশ-সুইজারল্যান্ড সরাসরি বিমান চলাচল, চুক্তির খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ৫ জুলাই ২০২৩
বাংলাদেশ-সুইজারল্যান্ড সরাসরি বিমান চলাচল, চুক্তির খসড়া চূড়ান্ত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। এজন্য একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়া চূড়ান্ত করতে বৈঠক করেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সিভিল এভিয়েশন অথোরিটি।

মঙ্গল ও বুধবার ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন অথোরিটি) সদর দফতরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে।

সম্প্রতি বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনা হয়। খসড়া চুক্তি চূড়ান্ত স্বাক্ষরের জন্য উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তি সম্পন্ন করতে উভয় দেশ উদ্যোগ গ্রহণের বিষয়ে একটি সম্মত-কার্যবিবরণীও স্বাক্ষরিত হয়েছে। চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের জন্য ইউরোপের নতুন একটি দেশে সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াত এবং আকাশপথে পণ্য পরিবহন আরো বৃদ্ধি পাবে।

সভায় সুইজারল্যান্ডের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন- সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের (এফওসিএ) এয়ার সার্ভিস এগ্রিমেন্ট বিভাগের লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বাংলাদেশ প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভোএয়ারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!