ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মেঘ-বৃষ্টি থাকবে দু’দিন, এরপরই জেঁকে বসবে শীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ৭ ডিসেম্বর ২০২৩
মেঘ-বৃষ্টি থাকবে দু’দিন, এরপরই জেঁকে বসবে শীত
ফাইল ফটো

ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উড়িষ্যায় অবস্থানরত লঘুচাপটি অনেকটাই ক্ষমতা হারিয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে চলমান বৃষ্টি ও মেঘ দুইদিন পরই কেটে যাবে। এরপর শনিবার সন্ধ্যা থেকেই জেঁকে বসবে শীত।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে এবং পরের দিন ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামে ঘূর্ণিঝড়ে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এর মধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত ৫ দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!