ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি-শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ৭ ডিসেম্বর ২০২৩
বৃষ্টি-শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস
ফাইল ফটো

রাজধানীসহ সারাদেশেই রাত থেকে হচ্ছে বৃষ্টি। বৃষ্টির এ ধারা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমে বলেন, আজ বৃষ্টিপাত থাকবে, শুক্রবার (৮ ডিসেম্বর) কমে যাবে। তবে কাল বৃষ্টি কমে গেলেও আকাশ থাকবে মেঘলা।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। আজ সারাদিন রোদের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। কাল দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক হতে পারে। তবে মেঘ কেটে যাওয়ার পর শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা কমে গিয়ে গত কয়েকদিনের তুলনায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে আজ।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্যপ্রবাহের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় সপ্তাহে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহ হতে পারে।

এদিকে ভোরে আবহাওয়া অধিদফতরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!