ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে: ইসি আনিছুর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২১ ডিসেম্বর ২০২৩
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে: ইসি আনিছুর
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আমরা যথেষ্ট প্রার্থী দেখছি। স্বতন্ত্র প্রার্থী আছেন। অধিকাংশ জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা শক্তি ও সামর্থ্য রাখেন। আশা করছি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

বৃহস্পতিবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানোর প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ভোটের দিন স্বাভাবিক কেন্দ্রগুলোতে ভোটের আগে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। আর যেগুলো দুর্গম যেমন- চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, হাওরবেষ্টিত এলাকা সেখানে রিটার্নিং অফিসার ও তার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপারের সঙ্গে পরিকল্পনা করে ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে একটা প্ল্যান পাঠাবেন। সেখানে সম্ভাব্য দূরত্ব, সম্ভাব্য সময় এগুলো উল্লেখ করতে হবে। পরিকল্পনাগুলো আমাদের কাছে পাঠালে কমিশন এগুলোকে অ্যাপ্রুভ করে দেবে এবং সেগুলোতে যথাযথ নিরাপত্তার মাধ্যমে আগের দিনই পৌঁছে যাবে। যেহেতু আমরা ৩০ তারিখ পর্যন্ত ব্যালট পেপার ছাপাবো, তাই এরপর আমরা পাঠানোর ব্যবস্থা করবো। যথাসময়ে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

Advertisement

সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হলে কোথায় অভিযোগ করতে হবে এ প্রশ্নের উত্তরে আনিছুর রহমান বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম জানাতে হবে। পাশাপাশি আমাদেরও (নির্বাচন কমিশন) জানাতে পারেন। আমরা জানলেও তাদের (রিটার্নিং কর্মকর্তা) কাছ থেকে রিপোর্ট নেবো। যদি এ রকম কেউ করে আমরা ছাড় দেবো না।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!