ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোটারদের নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন: ইসি রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ২৮ ডিসেম্বর ২০২৩
ভোটারদের নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন: ইসি রাশেদা সুলতানা
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোনো রকম বাধা বা হুমকি দেয় তাহলে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। ঘরে বাইরে কোনো জায়গায় ভোটারদের ভয় দেখালে তাকে শাস্তির আওতায় আনা হবে।

Advertisement

তিনি আরো বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদের সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক আর ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক ইলাহী, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!